নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলায় এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় পুতা দিয়ে মুখ ও মাথায় আঘাত করে হত্যা করেছেন স্বামী। নিহত ফারজানা বেগম (২৮) লক্ষ্মীপুর জেলার সদর থানার চর ভোতার মৃত নুর নবীর মেয়ে। গতকাল মঙ্গলবার ভোররাত ৫টায় ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় এ হত্যাকাণ্ডের পর পুলিশ অভিযুক্ত স্বামী মো: রুবেলকে (৩০) গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত রুবেল লক্ষ্মীপুর জেলার উত্তর চরমার্টিনের মো: হাসানের ছেলে এবং ফতুল্লা মডেল থানার পাগলা মধ্য রসুলপুরে হারুনুর রশিদের বাড়ির ভাড়াটিয়া। তিনি পেশায় বাস চালক। ঘটনার পর স্থানীয়রা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
জানা যায়, তিন মাস আগে রুবেল ও ফারজানার বিয়ের হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। এর মধ্যে স্থানীয়ভাবে একাধিকবার বিচার সালিস হয়েছে। গত সোমবারও বিচার সালিস হয়।
একই বাসার কয়েকজন ভাড়াটিয়া জানান, ভোর ৫টার দিকে হঠাৎ করে তারা চিৎকার শুনে রুবেলের ঘরে গিয়ে দেখতে পায় তার স্ত্রীর মুখ ও মাথায় পুতার আঘাতে থেঁতলানো রক্তাক্ত লাশ পড়ে আছে।



