বরগুনার আমতলীতে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ৮টার দিকে পৌর শহরের সাকিব প্লাজার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে আমতলী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা চৌরাস্তায় বিক্ষোভ ও সড়ক অবরোধও করেন। আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গুরুতর জখম মোয়াজ্জেম হোসেন খান (৫৫) আমতলী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে মোয়াজ্জেম হোসেন খান সাকিব প্লাজা মোড়ে যান। এ সময় উপজেলা ছাত্রলীগ সহসভাপতি সবুজ মালাকার, সাংগঠনিক সম্পাদক ইফতেখার আহম্মেদ তোহাসহ কয়েকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তিনি অচেতন হয়ে পড়লে তাকে সড়কে ফেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
এ দিকে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখমের খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ নেতাকর্মীরা হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আমতলী চৌরাস্তায় বিক্ষোভ করে সড়ক অবরোধ করেন। এ সময় তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে আমতলী হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ছাড়া যানবাহন চলাচলের জন্য সড়ক উন্মুক্ত করে দেয়া হয়। এ ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না। দুষ্কৃতকারীদের আটকের চেষ্টা চলছে।