নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক আহম্মেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর খাবার বিতরণকে কেন্দ্র আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবকলীগের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নড়াইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ সজল ছুরিকাঘাত হওয়াসহ স্বেচ্ছাসেবকলীগের আরো তিন নেতাকর্মী আহত হন। গত মঙ্গলবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। আহতরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতরা হলেন- নড়াইল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিয়াজ আহম্মেদ সজল, স্বেচ্ছাসেবকলীগ কর্মী তৌহিদুর রহমান সাগর, ফারুক হোসেন ও নাহিদুজ্জমান।
জানা যায়, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বোরহান উদ্দিনের কাছে খাবার চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা বোরহান উদ্দিনকে মারধর করেন। খবর পেয়ে বোরহানের পক্ষের নেতাকর্মীরা আওয়ামী লীগ অফিসে ওঠার সিঁড়ির স্টিলের রেলিং ভেঙে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের মারধর করেন। এ সময় স্বেচ্ছাসেবকলীগের চার নেতাকর্মী আহত হন।
নড়াইল সদর থানার ওসি (চলতি দায়িত্ব) মাহমুদুর রহমান বলেন, পরিস্থিতি এখন শান্ত। এ নিয়ে কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি।