ঢাকা থেকে নারায়ণগঞ্জের বাস ভাড়া ১০ টাকা কমিয়ে ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া ৪৫ টাকা থেকে ৬৫ টাকা আদায় করা হচ্ছিল। এতে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় যাত্রী সাধারণের মধ্যে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাস মালিক, যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম ও বিআরটিএর প্রতিনিধিদের সম্মিলিত টিম গঠন করে সরেজমিনে ঢাকা-নারায়ণগঞ্জ দূরত্ব পরিমাপের সিদ্ধান্ত নেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনজুরুল হাফিজ।
পরিদর্শন টিম নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ১৯ দশমিক ৫ কিলোমিটার ও ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসার পথে ২১ দশমিক ২০ কিলোমিটার দূরত্ব নির্ধারণ করেন। সে হিসাবে ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করে জেলা প্রশাসন। গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেন।
ইসমত আরা জানান, আমরা সরেজমিনে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ১৯ দশমিক ৫ কিলোমিটার ও আসার পথে ২১ দশমিক ২০ কিলোমিটার পাই। ভাড়া হিসাব করলে যাবার পথে ২ টাকা ৪০ পয়সা হিসেবে ৫২ টাকা ও আসার পথে ৫৮ টাকা হয়। দু’টি যোগ করলে হয় ১১০ টাকা। তাই দু’টির সমন্বয় করে ঢাকা-নারায়ণগঞ্জ বাস ভাড়া ৫৫ টাকা করা হয়েছে। এ ভাড়া বুধবার থেকেই কার্যকর করা হবে। এর ব্যতিক্রম হলে নির্ধারিত মোবাইল টিমের তদারকিতে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।



