সাতক্ষীরার শ্যামনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শ্যামনগর উপজেলার সীমান্তবর্তী কৈখালী ইউনিয়নের বৈশখালী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নির্মাণশ্রমিক শুকুর আলী ভাঙ্গী (৪০) শ্যামনগর উপজেলার জয়াখালী গ্রামের মৃত আনছার আলী ভাঙ্গীর ছেলে।
কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম জানান, নির্মাণশ্রমকি (রাজমিস্ত্রি) শুকুর আলী ভাঙ্গী শ্যামনগর উপজেলার বৈশখালী এলাকায় রাস্তার ধারে একটি তিনতলা ভবনে প্লাস্টারের কাজ করছিলেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ওই ভবনের দ্বিতীয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত একটি বাঁশ রাস্তার পাশ দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তারে স্পর্শ করে। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।