বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশে সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে। লুটপাটের জন্য তারা কুইক রেন্টাল সিস্টেম করল। তেলের দাম যেহেতু বাড়িয়েছে এখন বিদ্যুতের দাম আবার বাড়াবে। তেল, গ্যাস, বিদ্যুতের দাম যদি বাড়ে, আপনারা একটা জিনিসের নাম বলেন যে জিনিসের দাম বাড়ে না। তবে একটা জিনিসের দাম কমছে প্রতিদিনই। প্রতিদিনই আওয়ামী লীগের দাম কমছে। ওরা এখন শূন্যের কোঠায় আছে। ওদেরকে নিলামে তুললেও কোনো দাম পাওয়া যাবে না। তবে ওদেরকে কিলানোর লোক পাওয়া যাবে। গতকাল সকালে কিশোরগঞ্জে বন্যাদুর্গতদের চিকিৎসার্থে মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের উদ্বোধনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর রায় বলেন, বিএনপি রাজনীতি করে মানুষের জন্য। আমরা যে লড়াইটা করছি, সেটি ক্ষমতার যাওয়ার জন্য নয়। মানুষের অধিকার, জনগণের মুক্তি, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য। তিনি বলেন, আওয়ামী লীগ যেখানে থাকে সেখানে গণতন্ত্র থাকে না। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে আওয়ামী লীগকে বিতাড়িত করতে হবে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের পাণ্ডাগুণ্ডাদেরও টর্চারিং সেল আছে, থানায় জেলায় জেলায়। কিন্তু সরকার পরিচালিত টর্চার সেল যে আছে সেটি সম্পর্কে গণমাধ্যম নীরব। সে টর্চার সেলে তারেক রহমান নির্যাতিত হয়েছিলেন। অনেক অজানা মানুষ সেখানে আটক আছে। মাঝে মাঝে দুয়েকজন ছাড়া পায়। তারা কথা বলে না, চুপ করে দেশ থেকে বাইরে চলে যায়। গয়েশ্বর অভিযোগ করে বলেন, সে টর্চার সেলের সাথে ভিনদেশীরাও যুক্ত।
গয়েশ্বর রায় বলেন, এই ধরনের মানবাধিকার লঙ্ঘন, বিনাবিচারে মানুষ মারা, সারা বিশ্ব এটা এখন জানে। এতদিন আমরা চিৎকার করেছি, দেশের পত্রপত্রিকা লিখতে গেলেও লেখে না, কিছু তো দালালিই করে। আর যারা লিখতে চায়, তারাও পারে না। কারণ তাদেরকেও চোখ বেঁধে নিয়ে যায়। এ রকম অবস্থাতে সংবাদপত্র বন্ধই তো বলা চলে, শুধু কাগজ কিনি আমরা, আর কিছুই না।
কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলী ইউনিয়নের মাঠের বাজার এলাকায় লিটল বার্ড কিন্ডার গার্টেন স্কুল মাঠে কেন্দ্রীয় বিএনপি দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপি সভাপতি মো: শরীফুল আলম। বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা: মো: রফিকুল ইসলাম। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খালেদ সাইফুল্লাহ সোহেল, হাজী ইসরাইল মিয়া, নাজমুল আলম,আমিনুল ইসলাম আশফাক প্রমুখ।