বঙ্গোপসাগেরে সৃষ্ট নিম্নচাপের কারণে পিরোজপুরের ইন্দুরকানীতে ৫৬ জেলেসহ চারটি ফিশিংবোট তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এছাড়াও নিখোঁজ এফ বি ভাই ভাই-২ ফিশিং বোটটির সন্ধান পাওয়া গেছে। সেটি বর্তমানে ভারতের ওড়িষ্যা উপকূল থেকে মান্দারবুনিয়া এলাকা অতিক্রম করে বাংলাদেশে আসছে। নিখোঁজ জেলেদের স্বজনদের আহাজারিতে জেলেপল্লীর আকাশ বাতাশ ভারী হয়ে উঠেছে।
শনিবার উপজেলার ঢেপসাবুনিয়া গ্রামের জেলেপল্লীতে গিয়ে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা যায়।
জানা যায়, গত ১৩ আগস্ট শনিবার উপজেলার বিভিন্ন স্থান থেকে বঙ্গোপসাগরে মাছ ধরার জন্য প্রায় অর্ধশত ফিশিংবোট ছেড়ে যায়। বৃহস্পতিবার নিম্নচাপ এবং সাগর উত্তাল থাকায় ইন্দুরকানীর পাঁচটি ফিশিংবোট নিখোঁজ থাকে। শনিবার বিকেলে এ রিপোর্ট লেখার সময় নিখোঁজ এফবি ভাই ভাই-২ ফিশিং বোটটির সন্ধান পাওয়া গেছে। সেটি বর্তমানে ভারতের ওড়িষ্যা উপকূলের মান্দারবুনিয়া এলাকা অতিক্রম করে বাংলাদেশে আসছে। এখন নিখোজ রয়েছে চারটি ফিশিংবোট।
নিখোঁজ ফিশিং বোটগুলো হলো ঢেপসাবুনিয়া গ্রামের হেলাল মাতুব্বরের এফ বি মায়ের দোয়া ১৬১, দুলাল মাতুব্বরের এফবি আব্দুল্লাহ-১, সাইফুল মাতুব্বরের এফবি ভাই ভাই এবং কালাইয়া গ্রামের নজরুল ইসলামের এফবি জিদনী। এ চারটি ফিশিংবোটে ৫৪ জন জেলে নিখোঁজ রয়েছে। তারা সবাই উপজেলার ঢেপসাবুনিয়া, সাঈদখালী ও কালাইয়া গ্রামের বাসিন্দা।
এফবি ভাই ভাই ফিশিংবোটের মাঝি রফিকুল ইসলামের বাড়িতে গেলে স্বজনদের আহাজারি দেখা যায়।
রফিকুল মাঝির স্ত্রী হেলেনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার স্বামী গত ১৩ আগস্ট বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। বৃহস্পতিবার রাত থেকে ট্রলার ও অন্য জেলেসহ তিনি নিখোঁজ রয়েছেন।
পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের হাওলাদার ফিসের আড়ৎদার মহসিন হাওলাদার জানান, তার আড়তের পাঁচটি ফিশিংবোট নিখোঁজ। সেগুলোর মধ্যে একটির সন্ধান পাওয়া গেছে বাকি চারটি নিখোঁজ রয়েছে। নিখোঁজ বোটের সন্ধানে তিনি বর্তমানে পটুয়াখালীর মহীপুরে অবস্থান করছেন।



