সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মিজানুর রহমান মারজান (১৮) নামের এক টাইলস শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছে। মারজান ফেঞ্চুগঞ্জ উপজেলার কায়স্থগ্রাম এলাকার মজম্মিল আলীর ছেলে। পেশায় তিনি টাইলস ও মোজাইক মিস্ত্রী।

রোববার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মোজাইক মেশিনের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় মারজান।

জানা গেছে, রোববার প্রতিদিনের মতো শ্রমিক মিজানুর রহমান মারজান গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির দত্তরাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের কক্ষে মোজাইক কাজ শুরু করে। এ সময় মোজাইক মেশিনের তার লিক থাকায় অসাবধনতাবশত তার স্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে সে। স্থানীয়রা মিজানুর রহমান মারজানকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।