ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটিতে তার লাগাতে গিয়ে সেইফটি বেল্ট ছিড়ে নিচে পড়ে জামাল মোল্লা (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১১টার দিকে শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জামাল বরগুনা জেলার হেউলিবুনিয়া গ্রামের সুলতান আহম্মেদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝালকাঠি শহরে বিদ্যুতের খুঁটিতে নতুন তার লাগানোর কাজ পায় রফিকুল ইসলাম। তিনি জামাল মোল্লাকে শ্রমিক হিসেবে কাজে নেন। শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় সকাল ১১টার দিকে সেইফটি বেল্ট ছিড়ে নিচে পড়ে যায় জামাল। গুরুতর অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিদ্যুতের খুঁটি থেকে নিচে পড়ায় জামালের মাথায় গুরুতর আঘাত লেগেছে। অতিরক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয় বলে জানান সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মেহেদী হাসান।
ঝালকাঠি থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।



