ময়মনসিংহের ভালুকায় ভূমির শ্রেণী পরিবর্তন করে বেআইনিভাবে বন বিভাগের দাবিকৃত উঁচু টিলা কেটে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বাঁশিল গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঁশিল মৌজায় ১৮৭ ও ১৬২ নম্বর দাগে উকিলের ভিটা নামে পরিচিত বন বিজ্ঞপ্তিত উঁচু টিলায় ভেকু দিয়ে মাটি কেটে নিয়ে অন্যত্র বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় রশিদ ঢালীর ছেলে সোহাগ ঢালীর ভেকু দিয়ে রাতের আঁধারে টিলা কেটে মাটি বিক্রি করছেন। মাটি কাটাার সাথে ওই গ্রামের মৃত আবু আলী খার ছেলে কামরুল ইসলাম জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন। ফলে এক দিকে যেমন বন বিভাগের জমি দখলের চেষ্টা চলছে, অপর দিকে আইন অমান্য করে ভূমির শ্রেণী পরিবর্তন করে পরিবেশের ভারসাম্য নষ্ট করা হচ্ছে। স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, সোহাগ ঢালীর ভেকু দিয়ে এর আগেও বনবিভাগের বেশ কিছু উঁচু টিলা কেটে নিয়ে ভূমির শ্রেণী পরিবর্তন করে মাটি বিক্রির অভিযোগ থাকলেও তার বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেয়া হয়নি।
অভিযুক্ত কামরুল ইসলাম ওই দাগে মাটি কাটার বিষয়টি স্বীকার করে বলেন, বন বিভাগের ওই দাগে মাটি কাটার সাথে তিনি জড়িত নন।
হাজিরবাজার বন বিটের ইনচার্জ সাবেরুজ্জামান জানান, সংবাদ পেয়ে রাতেই তিনি ঘটনাস্থলে যান এবং মাটি কাটার কাজে বাধা দিয়ে আসেন।
এ ব্যাপারে ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট অফিসার আবু হাশিম চৌধুরী জানান, মাটি কাটার ঘটনাটি তিনি শুনেছেন। সরেজমিন খোঁজ নিয়ে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।