প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে।
ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভোলা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, মোহাম্মদ ইউনুছ, ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ শাফিয়া খাতুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সায়েম, সাধারণ সম্পাদক আকতার হোসেন প্রমুখ।