নড়াইলের কালিয়া উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে সড়ক নির্মাণসামগ্রী রেখে কাজ করার অভিযোগ পাওয়া গেছে। ফলে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে। এ ঘটনায় গত রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জহুরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।
শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকাবাসী জানান, বিদ্যালয়ের মাঠ দখল করে কালিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান পিজুস এন্টারপ্রাইজ পাথরকুচি, বালুসহ সড়ক নির্মাণের বিভিন্ন সামগ্রী রেখে শিক্ষার পরিবেশ বিঘিœত করছে। এমনকি শ্রেণিকক্ষ ঘেঁষে পিচ ও বিটুমিন তৈরির কাজও শুরু করেছে।
প্রধান শিক্ষক খোকন চন্দ্র দাশ জানান, ১৫ দিন আগে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাতের বেলায় এসব নির্মাণ সামগ্রী মাঠের ভেতরে রাখা হয়েছে। বিষয়টি প্রাথমিক শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। এরপর রোববার সকাল থেকে পিচ জ্বালানো শুরু হলে অনেকে অসুস্থ হওয়ায় ক্লাস করতে পারিনি। স্থানীয় মুক্তিযোদ্ধা আফছার উদ্দিন জানান, এখানে পিচ তৈরি হলে কোমলমতি শিশুরা অসুস্থ হবে। ক্লাস করতে পারবে না।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কামরুজ্জামান মিটু বলেন, বিদ্যালয়ের দক্ষিণ পাশে ফাঁকা জায়গা আছে। ওইখানে নির্মাণ সামগ্রী রেখে কাজ করলে সমস্যা হওয়ার কথা নয়।
এ বিষয়ে ঠিকাদার স্বপন দাশ বলেন, প্রশাসনের আদেশে কাজ বন্ধ করেছি।
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, শিক্ষার পরিবেশ নষ্ট করে কাজ করতে দেয়া হবে না। রোববার দুপুর থেকে কাজ বন্ধ রয়েছে।