কুড়িগ্রামের চিলমারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত আলী সরকার বীরবিক্রম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল সোমবার ভোর ৫টায় বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। চিলমারী উপজেলা পরিষদ কার্যালয় সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা ১১টায় চিলমারী সরকারি ডিগ্রি কলেজ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। তিনি স্ত্রী, চার মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন।
শওকত আলী সরকার ১৯৪৮ সালে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরের সাব সেক্টর মাইনকার চরের অধীন কুড়িগ্রামের রৌমারী-চিলমারী অঞ্চলে সম্মুখযুদ্ধে অংশ নেন। তিনি ওই সেক্টরের আবুল কাশেম চাঁদ কোম্পানির সেকেন্ড ইন কমান্ড ছিলেন। ৭১ সালের ১৩ নভেম্বর উলিপুরের হাতিয়া যুদ্ধে তিনি পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ জন্য পাকিস্তানি বাহিনীর কাছে তিনি মোস্ট ওয়ান্টেড ছিলেন। তার বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীরবিক্রম খেতাবে ভূষিত করে।
আওয়ামী লীগের এই প্রবীন নেতার মৃত্যুতে শোক জানিয়েছেন, জেলা প্রশাসক মো: রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো: জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।



