দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকচাপায় ওমর ফারুক (৪২) নামে এক কর্তব্যরত পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ আগস্ট) ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নিতাইশামোড় এলাকায় দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই ট্রাকের চালক এবং হেলপারের বিরুদ্ধে একটি মামলা করেছে পুলিশ।

ট্রাকের হেলপার হাফিজার রহমানকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। তিনি বগুড়া সদর উপজেলার ভাণ্ডার পাইকার গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, ঘোড়াঘাট থানায় কর্মরত কনস্টেবল ওমর ফারুকসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে রাত্রীকালীন ডিউটি করছিলেন। ভোর সাড়ে ৩টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা পাথরবোঝাই একটি ট্রাক নিতাইশামোড় এলাকায় কনস্টেবল ওমর ফারুককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, ট্রাকের হেলপারকে আটক করা সম্ভব হলেও চালক পলাতক রয়েছে। এই ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।