ঝালকাঠিতে মাদক মামলায় শাকিল খান সেন্টু (৪০) নামের এক ফেনসিডিল ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মো: শহিদুল্লাহ এ রায় ঘোষণা করেন।

মামলায় অন্য সাত আসামিকে খালাস দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল মান্নান রসুল এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২ ডিসেম্বর রাতে ঝালকাঠি শহরের কীর্ত্তিপাশা মোড় এলাকা থেকে ৭০৪ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শাকিল খান সেন্টুসহ চারজনকে গ্রেফতার করে ঝালকাঠির গোয়েন্দা পুলিশ (ডিবি)।

এ ঘটনায় পরের দিন ডিবি পুলিশের উপ-পরিদর্শক শাহিন হোসেন ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটজনের নামে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩ জানুয়ারি ডিবি পুলিশের উপ-পরিদর্শক জাকির হোসেন আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানিক আচার্য্য জানান, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।