রাজবাড়ীর কালুখালীর মোহনপুর এলাকা থেকে সা‌ড়ে ১৬ কে‌জি গাঁজা ও মাদক প‌রিবহ‌নের কা‌জে ব্যবহৃত এক‌টি মাই‌ক্রোবাসসহ মো: আশিকুর রহমান (২৪) না‌মের এক মাদক কারবারি‌কে আটক ক‌রে‌ছে র‍্যাব।

মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দি‌কে এক প্রেস বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায় র‍্যাব।

আশিক কু‌ষ্টিয়ার দৌলতপু‌রের পি‌লিপ নগর এলাকার মো: আছান মালিথার ছে‌লে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু কতিপয় মাদক কারবারি কু‌ষ্টিয়া থেকে গাঁজার চালান নিয়ে মাইক্রোবাসে রাজবাড়ীর দি‌কে আস‌ছে এমন সংবা‌দ পায় র‍্যাব। ওই তথ্যের ভি‌ত্তি‌তে সোমবার রাত সোয়া ৯টার দি‌কে কালুখালীর মোহনপুর এলাকার কাশেম মহাজন (কে বি) ইট ভাটার সামনের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়‌কে অস্থায়ী চেকপোস্ট ব‌সি‌য়ে অভিযান প‌রিচালনা ক‌রে ফরিদপুর র‍্যাব-৮-এর সদস্যরা। ওই সময় এক‌টি মাই‌ক্রোবাসে অভিযান চা‌লি‌য়ে তাকে আটক করে র‌্যাব।

বিজ্ঞ‌প্তি‌তে আরো জানা‌নো হয়, আশিকের স্বীকারোক্তি অনুযায়ী তিনি পেশাদার মাদক কারবারি। দীর্ঘদিন তিনি মাইক্রোবাসযোগে কুষ্টিয়া টু রাজবাড়ী মহাসড়ক ব্যবহার করে গাঁজার চালান নিয়ে রাজবাড়ীর বিভিন্ন এলাকায় বিক্রি ক‌রছেন।

র‌্যাব-৮-এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: খোরশেদ আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্য আলামতসহ আটক ব্যাক্তির বিরুদ্ধে জেলার কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।