ভোলার লালমোহনে জেলেদের ট্রলারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয় জলদস্যুকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বাতির খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে জলদস্যুদের ১২ জনের একটি দল জেলেদের ট্রলারে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় জেলেদের চিৎকার শুনে আশপাশে থাকা অন্য জেলেরা ছুটে এসে তাদের ঘিরে ফেলে ছয় জলদস্যুকে আটক করে। বাকিরা পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের কাছ থেকে দা, ছোরা ও করাতসহ নয়টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন শাকিল, ধলু মিয়া, সোহাগ, রাকিব, রাকিব মিয়া ও মানিক। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ, হিজলা ও কাজিরহাট এলাকার বাসিন্দা।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ বলেন, তারা দীর্ঘ দিন ধরে নদীতে থাকা জেলেদের ট্রলারে ডাকাতি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা করেছে। পরে তাদের জেল হাজতে পাঠানো হয়।