বাল্কহেডের ধাক্কায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ডহুরী খালে ট্রলার ডুবে নিখোঁজ হন মো: সেলিম (২৬) নামে এক যুবক। ঘটনার ৪০ ঘণ্টা তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তালতলী ডহুরী-খাল থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। পরে সেলিম খানের লাশ গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা ঘটে।
নিহত সেলিম সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ খানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজদিখান উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা পাঁচজনের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠে আসেন। তবে সাঁতার না জানায় সেলিম পানিতে তলিয়ে যান। পরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে মিজানুল হক জানান, সকালের দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সেলিমের লাশ খাল থেকে উদ্ধার করি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।



