মুন্সীগঞ্জ সদর উপজেলায় ঘরে ঢুকে বাবুল গাজী (৩২) নামের এক প্রবাসীকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ছোট মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। মামুন গ্রুপ ও সৈয়দ খা গ্রুপের দ্বন্দ্বের জেরে হাত-পায়ের রগ কাটা পড়ল বাবুলের। এর আগেও এ দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আহত বাবুল সাংবাদিকদের বলেন, ‘দীর্ঘদিন প্রবাসে ছিলাম। ছয় মাস যাবত দেশে এসেছি। আমি গ্রামে থাকতাম না। মঙ্গলবার সকালে গ্রামে যাই। ভিসা হয়েছে, আবার চলে যাবো বলে ঘর বিক্রি করেছিলাম। ঘরের ভেতর বৈদ্যুতিক তার খোলার জন্য মই দিয়ে ওপরে উঠি। এ সময় খাসকান্দি গ্রামের মামুন হাওলাদারের নেতৃত্বে মাসুদ ও বাঁধনসহ ৮-১০ জন লোক আমার ঘরে হামলা চালায়। মাসুদ ও বাধন আমাকে দেশীয় অস্ত্র দিকে কুপিয়ে হাত-পায়ের রগ কেটে দিয়েছে।’

বাবুলের স্ত্রী মিতু আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমার স্বামী গ্রামে থাকতেন না। ওর সাইপ্রাসের ভিসা আসছে। বিকেল ৪টার দিকে মামুন হাওলাদারের লোক মাসুদ ও বাঁধনসহ কয়েকজন ঘরে ঢুকে স্বামীকে কুপিয়ে জখম করে। তার হাত ও পায়ের রগ কেটে দেয়।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শৈবাল বসাক সাংবাদিকদের জানান, বাবুলের শরীরে একাধিক কোপানোর ক্ষত চিহ্ন রয়েছে। হাতের ও পায়ের রগ কাটা ছিল। পায়ের হাড় ভেঙে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

মুন্সীগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, শুনেছি দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।