বরগুনায় শোক দিবসের আলোচনা সভা শেষে শিল্পকলা একাডেমি চত্বরে জেলা ছাত্রলীগ কর্মীদের বেধড়ক পেটানোর ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এ প্রতিবেদনে ১৩ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে। সোমবার বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামান।
এ সময় তিনি জানান, তদন্ত প্রতিবেদনে সাবেক পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১৩ জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে।
একটি সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার ছাড়া বাকিদের মধ্যে একজন পুলিশ পরিদর্শক, তিনজন উপপরিদর্শক, চারজন সহকারী উপপরিদর্শক ও চারজন নায়েক কনেস্টবল রয়েছেন বলে গোপন সূত্রে জানা যায়। তবে চূড়ান্তভাবে এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে সূত্রটি।
এ ঘটনায় গত সপ্তাহের মঙ্গলবার আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে প্রথমে বরিশাল রেঞ্জে ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়। ওই দিনই অন্য আদেশে তাকে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। এরপর রাতে ওই ঘটনায় আরো পাঁচ পুলিশের সদস্যকে বদলি করা হয়।