ঝালকাঠিতে মাদক মামলায় শাকিল খান সেন্টু (৪০) নামে এক ফেনসিডিল কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহিদুল্লাহ এ রায় দেন। মামলায় অন্য সাত আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২ ডিসেম্বর রাতে ঝালকাঠি শহরের কীর্ত্তিপাশা মোড় এলাকা থেকে ৭০৪ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি শাকিল খান সেন্টুসহ চারজনকে গ্রেফতার করে ঝালকাঠির গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় পরের দিন ডিবি পুলিশের উপপরিদর্শক শাহিন হোসেন বাদি হয়ে ঝালকাঠি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটজনের নামে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৮ সালের ৩ জানুয়ারি ডিবি পুলিশের উপপরিদর্শক জাকির হোসেন আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মানিক আচার্য্য জানান, রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।