চাঁদপুরে রহিমা হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলো একই এলাকার জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছে। বাকি তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক। রহিমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে। তার স্বামীর নাম আবু জাফর।
এদের বিরুদ্ধে নারী শিশু আদালতের মামলায় ৩০২/৩৪ ধারায় মৃত্যুদণ্ড এবং ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্যাইয়েদুল ইসলাম বাবু জানান, ২০১৩ সালের ২১ মে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে রহিমার লাশ বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার পর দিন ভিকটিমের বাবা সফিউল্লাহ মিয়াজী বাদি হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেফতার করে পুলিশ।



