ভোলায় ট্রাকের ধাক্কায় মো: ইসমাঈল হোসেন নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন। এ সময় সিএনজিচালকসহ আহত হয়েছেন আরো পাঁচজন।

মঙ্গলবার সন্ধ্যায় ভোলা-লক্ষীপুর মহাসড়কের ইলিশা ৯ নম্বর ওয়ার্ডের দেলু সাহেব বাড়ি-সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে মো: রবিউল ও মো: সুমন রয়েছে। তারা উভয়ে দৌলতখান উপজেলার বাসিন্দা। এছাড়া সিএনজিচালকসহ বাকিদের পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিশা ফেরিঘাট থেকে ভোলার উদ্দেশ্যে যাচ্ছিল সিএনজিটি। পথিমধ্যে দেলু সাহেব বাড়ি-সংলগ্ন এলাকায় সিরামিকভর্তি একটি ট্রাক সিএনজিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বিজিবি সদস্যের মৃত্যু হয়।

ইলিশা ফাঁড়ি পুলিশের ইনচার্জ গোলাম আযম বিষয়টি নিশ্চিত করেছেন।