চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় কালু হোসেন (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাপসাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালু হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচঁন্দ্র ইউনিয়নের গাইদঘাট গ্রামের মথুরাপুরপাড়ার মৃত মোজাম্মেলের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে মাঠে সার দেয়ার জন্য সাইকেলযোগে বাড়ি থেকে বের হন কালু হোসেন। গাইদঘাট রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় আশি মাইলের মোড়ে পৌঁছালে ঢাকাগামী আন্তঃনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেন তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। খবর পেয়ে পরিবারে সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা কর্তব্যরত স্টেশন মাস্টার মিজানুর রহমান বলেন, ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৩টায় চুয়াডাঙ্গা স্টেশনে যায়। জানতে পেরেছি বেনাপোল এক্সপ্রেসের সাথে ধাক্কা লেগে গাইদঘাটে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।