নাটোরের বড়াইগ্রামে ইয়াবা ট্যাবলেট বহনের দায়ে তিন মাদক কারবারিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ উদ্দিন এই রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৫ আগস্ট সন্ধ্যার পর র‌্যাব নিয়মিত টহলের অংশ হিসেবে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে তল্লাশি করতে গেলে অজ্ঞাতপরিচিত দু‘জন পালিয়ে যায় গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে র‌্যাব। পরে তাদের শরীর তল্লাশি করে তাদের কাছ থেকে সাত হাজার ৯৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব বড়াইগ্রাম থানায় মামলা করে। পরে আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ চার বছর মামলার স্বাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক শরীফ উদ্দিন আসামিদের প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। জরিমানা অনাদায়ে তাদের আরো ছয় মাস সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন বড়াইগ্রাম উপজেলার ভবানীপুরের আব্দুস সাত্তার ব্যাপারীর ছেলে নাহারুল ইসলাম, একই এলাকার আবুল খায়েরের ছেলে আকসেদ আলী ও বনপাড়া বাজারের আবুল হোসেনের ছেলে হাসানুজ্জামান সাগর। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।