দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশে আগামী ছয় বছরে ১২০ মিলিয়ন পাউন্ড ব্যয় করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

বুধবার দুপুর চাঁদপুরে পৌরসভার উদ্যোগে দুর্যোগ ও জলবায়ু ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা সংশ্লিষ্ট ও স্থানীয়দের সাথে কথা বলেছি। এর মাধ্যমে শহরের দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্পের জন্য স্থানের গুরুত্ব ও উন্নয়নের সম্ভাব্যতা নিরুপণ করতে আলোচনা হয়েছে। আমরা আমাদের সাধ্যনুযায়ী এই কার্যক্রম চালিয়ে যাব। বাংলাদেশে আমরা বিভিন্ন ধরনের দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। এই প্রজেক্টের মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠির শিক্ষা, চিকিৎসা ও মাটির ব্যবস্থাপনা নিয়ে কাজ করছি। আমরা আশা করছি, এখানে আমরা এই প্রজেক্টের মাধ্যমে ভালো কিছু দেখতে পারবো।’

পরে চাঁদপুর শহরের যমুনা রোড এলাকায় পৌরসভা, ইউকেএইড ও ইউএনডিপির সহযোগিতায় ‘শহরের দরিদ্র সম্প্রদায়ের জীবিকা উন্নয়ন প্রকল্প’ উদ্বোধন করেন ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন। উদ্বোধন শেষে তিনি শহরের দরিদ্র জনগোষ্ঠীর সাথে কথা বলেন।

এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র মো: জিল্লুর রহমান জুয়েল, ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বেন গুয়েন, এলজিডির যুগ্ম সচিব মো: মাসুম পাটওয়ারী ও পৌরসভার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।