রাজবাড়ীর গোয়ালন্দে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে (১৯) সঙ্ঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তরুণীর বাবা থানায় মামলা করলে পুলিশ অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করে। এখনো পলাতক রয়েছে তিনজন।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মামলা দায়েরের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করি। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। বুধবার আসামিদের রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ পৌরসভার আড়তপট্টি এলাকার লালমিয়া বেপারির ছেলে সজল বেপারী ওরফে শরিফ বেপারী (২৮), ঘোষপট্টি এলাকার আলতাফ ডাক্তারের ছেলে মিঠু (৩৮) ও উত্তর উজানচর নতুন পাড়ার বাসিন্দা মৃত তোতা শেখের ছেলে আলামিন শেখ (২৮)। এ ছাড়া এ ঘটনায় পলাতক রয়েছে একজন এজাহারভুক্ত ও দু’জন অজ্ঞাতনামাসহ মোট তিন আসামি।
ধর্ষিতা মেয়েটির বাবা আত্মীয়স্বজনদের পরামর্শে দু’দিন পর মঙ্গলবার বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনকে জানান তারা। উপজেলা নির্বাহী অফিসার তৎক্ষণাৎ বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসিকে অবগত করেন। ওসি ইউএনওর কার্যালয়ে গিয়ে ঘটনা শোনার পর তরুণীর বাবাকে মামলা দায়েরের পরামর্শ দেন। এ সময় ভুক্তভোগী বাবা থানায় গিয়ে চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো দু’জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।