ঢাকায় পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপির বাসায় চুরির ঘটনায় পর এবার হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামে পুলিশের সাবেক আইজিপি মোতাব্বির হোসেন চৌধুরীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা বুধবার ভোরে সাবেক আইজিপির ভাতিজা সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর বসতবাড়িতে ডাকাতি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ সময় ডাকাতরা আইজিপির ভাতিজা জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী ও মাকে অস্ত্রের মুখে একটি রুমে জিম্মি করে রাখে এবং জাহাঙ্গীর চৌধুরীর স্কুল পড়ুয়া এক ভাগ্নের হাত-পা চোখ-মুখ বেঁধে ফেলে রাখে। ডাকাতরা স্বর্ণালংকার মোবাইল সেট, নগদ টাকাসহ অন্তত ৫ লাখ টাকার মালামার নিয়ে যায় বলে জানা গেছে।
এ ব্যাপারে জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী রোজিনা আক্তার আজমিরীগঞ্জ থানায় অজ্ঞাত ডাকাতদের আসামি করে একটি মামলা দায়ের করেন। সাবেক আইজিপি মোতাব্বির হোসেন চৌধুরী ঘটনার দিন গ্রামের বাড়িতে ছিলেন না। তবে মাঝে মাঝে বাড়িতে বেড়াতে আসেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল সাবেক আইজিপির বাড়িতে যান। ডাকাতদের শনাক্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
সাবেক আইজিপির ভাতিজা সৌদিআরব প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, বুধবার ভোর রাতে একদল ডাকাত তার ঘরে ঢুকে তার স্ত্রী ও মাকে অস্ত্র দেখিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে ফেলে। এ সময় ডাকাতরা তার স্কুল পড়ুয়া ভাগ্নেকে ধরে চোখ ও হাত-পা বেঁধে ফেলে। পরে তারা স্বর্ণালংকার, মোবাইল সেট ও নগদ টাকাসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।



