নাটোরে পাওনা ৫০০ টাকা চাওয়ায় এক বন্ধুর বিরুদ্ধে অপর বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার নাটোরের মল্লিকহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাওন মল্লিকহাটি পশ্চিমপাড়ার দিলু মিয়ার ছেলে। আর অভিযুক্ত আলিফ একই এলাকার বাবু মিয়ার ছেলে।

জানা গেছে, শাওন ও আলিফের একই মহল্লায় বাড়ি এবং ছোটবেলা থেকে একসাথে বেড়ে উঠা। শাওন পেশায় রাজমিস্ত্রি আর আলিফ টাইলস মিস্ত্রি। কিছুদিন আগে আলিফকে ৫০০ টাকা ধার দেন শাওন। কিন্তু পাওনা টাকা চাওয়া যেন কাল হলো শাওনের। এজন্য তাকে ঘাস কাটার হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে বন্ধু আলিফ। সকালে ঘাস কেটে হাসুয়া হাতেই স্থানীয় এক হোটেলে নাস্তা করতে যান শাওন। সেখানে আলিফের সাথে দেখা হয় তার। পরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্কাতর্কিতে জড়ান তারা। একপর্যায়ে শাওনের হাত থাকা হাসুয়া কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে হত্যা করেন আলিফ।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে এ খুনের ঘটনা ঘটেছে। নিহতের দুটি শিশু সন্তান রয়েছে। ঘটনার পরপরই ওই হত্যাকারী পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান চলছে।