নাটোরে পৃথক ঘটনায় নারীসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গুরুদাসপুরে পুকুরে ডুবে যুবক, সিংড়ায় পুকুরে ডুবে শিশু এবং নলডাঙ্গায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচিত এক নারীর মৃত্যু হয়েছে।
সান্তাহার জিআরপি থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে নাটোরের মাধনগর এলাকায় আনুমানিক ত্রিশ বছর বয়সী অজ্ঞাতপরিচিত এক নারীর মৃত্যু হয়।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত মাস্টার উজ্জল আলী বলেন, এ বিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানায় মামলা হয়েছে।
অপরদিকে জেলার গুরুদাসপুরে পুকুর থেকে উজ্জ্বল হোসেন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭ টার দিকে উপজেলারদ তালবাড়িয়া গ্রামের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। উজ্বল বড়াইগ্রাম উপজেলার শ্রীরামপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, সকালে স্থানীয়রা পুকুরে উজ্জ্বলের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মামার বাড়িতে অবস্থান করা উজ্জ্বল কিছুটা মানসিক ভারসাম্যহীন ও মৃগীরোগী ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এছাড়া নাটোরের সিংড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সিয়ামনি নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে সিংড়া উপজেলার শ্রীকুণ্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়ামনি একই গ্রামের সবুজের মেয়ে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম।



