বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বৈদেশিক মুদ্রা অর্জনে বর্তমান সরকারের আগ্রহের পরিপ্রেক্ষিতে সারা দেশে বন্ধ হওয়া পাটকলগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যেই চিহ্নিত করে লিজ দেয়া দশটি পাটকলের মধ্যে দু’টি চালু হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় বাকি আটটি পাটকল চালু করা সম্ভব হবে। যেখানে উৎপাদিত ৯০ শতাংশ পণ্যই বিদেশে রফতানি করা হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মন্ত্রী নতুন করে লিজ সম্ভাব্য নরসিংদীর পলাশ উপজেলার কো-অপারেটিভ জুটমিল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসির) ভাড়াভিত্তিক মিলে বেসরকারি ব্যবস্থাপনায় উৎপাদন ও উৎপাদিত পাটপণ্য রফতানি কার্যক্রম শুরু হয়েছে।