জামালপুরের মেলান্দহ উপজেলার সব রুটে ইজিবাইকের ভাড়া বাড়িয়েছেন চালকরা। এতে উপজেলার সব রুটের চালক ও যাত্রীদের মাঝে বাকবিতণ্ডা করতে দেখা যায়।
জ্বালানি তেলের দাম ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে মেলান্দহ পৌর শহরে ও উপজেলার সব কয়টি রুটে ব্যাটারিচালিত ইজিবাইকের বর্তমান ভাড়ার সাথে পাঁচ টাকা বৃদ্ধি করা হয়েছে।
চালকদের জানান, জ্বালানি তেলের দাম বাড়ার কারণে সারা দেশে জিনিসপত্রের দাম বেড়েই চলেছে। প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে স্বল্প আয়ে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। এ জন্য বাঁচার তাগিদে বাধ্য হয়ে তারা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলার প্রতিটি রুটেই বর্তমান ভাড়ার সাথে পাঁচ টাকা বাড়া বৃদ্ধি করা হয়েছে।
তবে ভাড়া বৃদ্ধিকে অযৌক্তিক দাবি করে যাত্রীরা বলছেন, করোনা পরবর্তীকালে এমনিতেই সাধারণ মানুষের আয় কমে গেছে। সুতরাং এভাবে যখন তখন মনে চাইলেই ভাড়া বাড়িয়ে দিয়ে যাত্রীদের হেনস্তা করার কোনো যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ভাড়া নৈরাজ্যের ব্যাপারে গত বুধবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত নেয়া হয়, শ্রমিক নেতাদের সাথে বিষয়টি আলোচনা করে সমাধান করতে হবে। নিরসন না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।