নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মদনপুর চান মার্কেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোণার পূর্বধলা উপজেলার হৃদয় (১৮) ও হানিফ (২০)।

নিহতদের সহকর্মী মো: শফিক জানান, তারা একসাথে পাইলিংয়ের কাজ করছিলেন। পাইলিংয়ের গর্তে জমে থাকা পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে যান হৃদয় ও হানিফ। তখন বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। সাথে সাথে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নেয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিক্যোল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।