পটুয়াখালীর বাউফলে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছে। শনিবার (২৭ আগস্ট) বিকেলে সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনের সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাউফলের কোনাপুরা এলাকার সেকান্দার সর্দারের ছেলে মো: এলমাস সরদার (৪০) এবং নুরাইনপুর এলাকার বাসিন্দা হাফিজুর রহমান মৃধার ছেলে মো: ইলিয়াস হোসেন বাবলু (৪৫)।
জানা গেছে, বিকেলে বাউফল থেকে মোটরসাইকেলযোগে পটুয়াখালীর উদ্দেশে রওয়ানা করেন এলমাস ও ইলিয়াস। পথিমধ্যে সদর উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনের সড়ক এলাকা অতিক্রমকালে বাউফলগামী একটি মোটরসাইকেলকে সাইড দেয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান বলেন, বিকেলে উপজেলার লেহালিয়া ইদ্রাকপুর মাদরাসার সামনের সড়ক দ্রুতগতিতে অতিক্রমকালে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।



