কুষ্টিয়ায় বৃষ্টি খাতুন (৩০) নামে এক নারীকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিকসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে সাজাপ্রাপ্ত তিনজনকেই ২৫ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বুধবার দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামিই আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলো কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামের শাহাবুদ্দিন আহম্মেদ ওরফে মঞ্জু, একই গ্রামের হেলাল উদ্দিন ও আশরাফুল আলম। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর ৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী রায় জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত শাহাবুদ্দিন আহমেদের সাথে বৃষ্টির পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কের একপর্যায়ে বৃষ্টির কাছ থেকে টাকা ধার নেয় শাহাবুদ্দিন। এরপর বৃষ্টি টাকা ফেরত চাইলে তাকে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে হত্যা করে শাহাবুদ্দিন এবং তার বন্ধু আশরাফুল ও হেলাল। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন।