কুষ্টিয়ার কুমারখালীতে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু হানিফ ওরফে হানিফ দর্জি (৪৮) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছে আদালত।

রোববার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

হানিফ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার হাবাসপুর গ্রামের সোলাইমান ওরফে শলক মোল্লার ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে ওই শিশু দর্জির দোকানের সামনে গেলে তাকে পুতুলের জামা বানিয়ে দেয়ার নাম করে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণ করেন আবু হানিফ। এ সময় কাউকে কিছু না জানানোর জন্য ভয় দেখান তিনি। পরে শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বললে তার মা অসুস্থ অবস্থায় তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা কুমারখালী থানায় আবু হানিফ ওরফে হানিফ দর্জিকে একমাত্র আসামি করে একটি মামলা করেন। মামলাটি তদন্ত শেষে ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা কুমারখালী থানার এসআই মাসুদুর রহমান আসামির বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলার বিচারকার্য শেষে আদালত ২৮ আগস্ট ২০২২ রায়ের দিন ধার্য করেন।

আদালতে রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) অ্যাডভোকেট আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুমারখালী থানার মামলায় শিশু ধর্ষণের অভিযোগ সাক্ষ্য ও শুনানি শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ এক লাখ টাকা জরিমানা করে আদেশ দিয়েছে আদালত। উক্ত টাকা ভিক্টিমের ক্ষতিপূরণ হিসেবে গণ্য হবে বলে উল্লেখ করেন আদালত।