পাবনায় ‘পুরান ঢাকার নান্না বিরিয়ানি হাউজ’ নামে একটি রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ৪২ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের মধ্যে ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে রোববার বিকেলে শহরের এআর কর্নার-সংলগ্ন রেস্টুরেন্টের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রীরা। এ সময় তারা ভেজালমুক্ত খাদ্য পরিবেশনের দাবিতে বিভিন্ন সেøাগান দেন। পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা কলেজে ফিরে যান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, গত শনিবার কলেজের ফরিদা আবাসিক ছাত্রী হলের শিক্ষার্থীদের ফিক্সড (স্পেশাল আয়োজন) মিলের আয়োজন করা হয়। এ জন্য ৪২ প্যাকেট বিরিয়ানির অর্ডার দেয়া হয়। রাতে সেগুলো শিক্ষার্থীরা খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে। তারা আরো বলেন, আজকে সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অংশ নেয়ার কথা থাকলেও অনেক শিক্ষার্থী অসুস্থ থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেননি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে অভিযোগ অস্বীকার করে নান্না বিরিয়ানি হাউজের ম্যানেজার সজিব হোসেন বলেন, আমরা প্রায় ২০০ মানুষের বিরিয়ানির আয়োজন ও বিক্রি করেছি। কিন্তু কেউ অভিযোগ দেয়নি।
এ বিষয়ে ফরিদা হলের প্রভোস্ট কামাল হোসেন বলেন, বিরিয়ানি খেয়েই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। পাবনার খাদ্য নিয়ন্ত্রক পরিদর্শকের কার্যালয় থেকে লোক এসে তথ্য সংগ্রহ করে নিয়ে গেছেন।
পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। আমরা শিক্ষার্থীদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।