মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের তৃতীয় স্বামী ডা: এ এস এম মঈন হাসানের ওপর হামলার অভিযোগ ওঠেছে। ভাঙচুর করা হয়েছে তার গাড়িটি।
ঘটনার পাঁচ দিন পর গত শনিবার ডা: এ এস এম মঈন হাসান ছয়জনকে আসামি করে সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হচ্ছে- উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে নয়ন, মধ্য ধল্লা গ্রামের শুকুর আলীর ছেলে রুবেল, ফিরোজ মুন্সির ছেলে আশরাফুল ইসলাম, গাজিন্দা বড়পাড়া গ্রামের হজরত আলীর ছেলে মোসলেম উদ্দিন ও পশ্চিম বাস্তা গ্রামের আনোয়ার আলীর ছেলে পাঙ্খা জসিমসহ অজ্ঞাত দু-তিনজন। হামলাকারীদের মধ্যে আশরাফুল, নয়ন ও মুসলেম স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, গত ২৩ আগস্ট (মঙ্গলবার) বিকেলে রোকেয়া চক্ষু সেন্টার পরিদর্শন শেষে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। এ সময় সিএনজিচালিত অটোরিকশা থেকে নেমে কয়েকজন লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে তার গাড়িতে হামলা করে প্লাস ভাঙচুর করে এবং তাকে মারধর করে।
স্থানীয় একটি সূত্র দাবি করেছেন মমতাজ বেগম এমপির পারিবারিক দ্বন্দ্বের কারণে তার স্বামীর ওপর এ হামলা হয়েছে।
হামলার সাথে জড়িত অভিযুক্ত আশরাফুল ইসলাম বলেন, হামলা হয়েছে শুনেছি। আমরা এ ঘটনার সাথে সম্পৃক্ত নেই।
এ দিকে মমতাজ বেগম এমপি দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ বলেন, হামলার ঘটনাটি দুঃখজনক। দলীয় কোনো নেতাকর্মী হামলায় জড়িত থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।