নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রোকন উদ্দিন (২৪) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। পরে নিহতের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে গোদনাইল ধনকুন্ডা মদিনাবাগ এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রোকন উদ্দিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা মধুঘর এলাকার রফিকের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, সকালে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠায়।
তিনি আরো জানান, তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।



