বরগুনায় অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে জানা গেছে। রোববার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গৌরিচন্না বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার শামীম হোসেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এরপর বেতাগীর দু’টি ইউনিট এসে আমাদের সাথে যোগ দেয়। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই অগ্নিকাণ্ডে ২ কোটি ৯৩ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকী বলেন, আগুনের খবর পেয়ে দ্রুত ছুটে আসি গৌরিচন্না বাজারে। এখানে ফার্মেসি, মুদি দোকান, খাবারের দোকান, প্লাস্টিকের দোকানসহ বহু দোকান ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। এখানকার কয়েকটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস সময়মত না এলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ত।