রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিক্রয় কেন্দ্রে পলিথিনে ভরা পেঁয়াজ হাতে পেয়েই ‘পচা’ বলে ভোক্তারা হট্টগোল শুরু করলে উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপে আড়াইশ’ গ্রাম পিয়াজের দাম ফেরত দেয়ার জন্য ডিলারকে নির্দেশ দিলে পরিস্থিতি শান্ত হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, টিসিবির পচা পেঁয়াজের বিষয়টি আমার নজরে এসেছে। নিম্নমানের সামগ্রী বিতরণ না করতে ডিলারকে সতর্ক করে দিয়েছি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চারটি ইউনিয়ন ও পৌর এলাকার ৯ সহস্রাধিক পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিক্রির একটি তালিকা চূড়ান্ত করা হয়েছে। মেসার্স শাপলা ট্রেডার্স ও মেসার্স জামান ট্রেডার্সের জন্য ডিলার নিযুক্ত হয়েছে।
গত রোববার দৌলতদিয়া ইউপি চত্বর থেকে এই বিক্রি কার্যক্রম শুরু হয়। এখান থেকে দিনব্যাপী শাপলা ট্রেডার্স বিতরণ করে এক হাজার ৭০০ প্যাকেজ। অন্য দিকে চর দৌলতদিয়ার হামেদ মৃধার হাটে জামান ট্রেডার্স বিতরণ করে ৯০০ প্যাকেজ। ৪৬৫ টাকার প্রতি প্যাকেজে রয়েছে দুই কেজি ডাল, দুই লিটার তেল, এক কেজি চিনি ও তিন কেজি পেঁয়াজ।
মোস্তাক হোসেন, মোজাম্মেল হক, মালেক মণ্ডলসহ অনেকে জানান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ থেকে বিক্রি করা ৪৬৫ টাকার প্যাকেজের অন্য মালামালগুলো ভালো থাকলেও পেঁয়াজগুলো একেবারেই পচা। তারা আরো বলেন, সরকার তো সাধারণ মানুষের খাবারের জন্য ভালো পণ্য দিচ্ছে। কিন্তু সরকারের এই মহতী উদ্যোগের সুযোগ নিয়ে ডিলাররা মানুষকে ঠকাচ্ছে।
অভিযোগের বিষয়ে মেসার্স শাপলা ট্রেডার্সের মালিক রঞ্জন রাহা বলেন, মাদারীপুরের টেকেরহাট আঞ্চলিক অফিস থেকে গত বৃহস্পতিবার পেঁয়াজসহ টিসিবির মালামাল প্যাকেট করা হয়। শুক্র ও শনিবার দুই দিন সরকারি ছুটি থাকায় পলিথিনের প্যাকেটে কিছু পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।
ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মণ্ডল বলেন, ইউএনও সরেজমিন এসে পচা পেঁয়াজ না দিতে ডিলারকে সতর্ক করা ছাড়াও জনপ্রতি ২৫০ গ্রাম করে পেঁয়াজের দাম কম রাখতে নির্দেশ দিয়েছেন।
দৌলতদিয়ায় টিসিবির প্যাকেজে পচা পেঁয়াজ!
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমে পচা পেঁয়াজ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বিক্রয় কেন্দ্রে পলিথিনে ভরা পেঁয়াজ হাতে পেয়েই ‘পচা’ বলে ভোক্তারা...



