ময়মনসিংহের ভালুকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে নির্মিত রাস্তাটি নির্মাণের মাত্র তিন মাসের মাথায় বেহাল হয়ে পড়েছে। নি¤œমানের নির্মাণ উপকরণ ব্যবহার করা হচ্ছে দেখে শুরুতেই এলাকাবাসী নির্মাণ কাজে বাধা দেয়। সেই বাধা উপেক্ষা করে পৌনে ২৪ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি নির্মাণ করা হয়। নির্মাণকাজ শেষ হওয়ার পর বিল উত্তোলনের আগেই সড়কের বিভিন্ন জায়গা দেবে গেছে ও ভাঙনের সৃষ্টি হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারাম্যান সরেজমিন সড়কটি পরিদর্শন করে এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা প্রকৌশল দফতর ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২১-২২ অর্থবছরে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধানে ৬ নং ভালুকা সদর ইউনিয়নের কাঠালী মাঠের ঘাটরাস্তা থেকে মুক্তিযোদ্ধা সাহাবুদ্দিনের বাড়ি পর্যন্ত ৬৮০ মিটার এইচবিবি করার কার্যাদেশ পান ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স খান এন্টারপ্রাইজের মালিক আশিকুর রহমান। কাজ শুরুর প্রথম থেকেই নিম্নমানের ইটের ব্যবহার ও বালির পরিমাণ কম দেয়াসহ ব্যাপক অনিয়ম হওয়ায় এলাকাবাসী প্রতিবাদ জানায়। ঠিকাদার ও শ্রমিকরা তাতে কর্ণপাত না করেই কাজ চালিয়ে যান। পরে এলাকাবাসী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদের কাছে অভিযোগ দিলে তিনি গত ৬ এপ্রিল রাস্তাটি পরিদর্শনে যান। পরিদর্শনে রাস্তায় ব্যবহৃত নিম্নমানের ইট, অপর্যাপ্ত বালি ও বিভিন্ন অনিয়ম দেখে তিনি ক্ষুব্ধ হন।
উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, গত ২২ আগস্ট উপজেলা পরিষদ চেয়ারম্যান সরেজমিন পরিদর্শনে অনিয়মের সত্যতা পান। এ ব্যাপারে ঠিকাদারকে দুই বার চিঠিও দেয়া হয়। যদি মেরামত না করে, তবে বিল দেয়া হবে না।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, কাজের শুরুতেই ঠিকাদারী প্রতিষ্ঠান অনিয়ম করতে থাকে। তখনই সতর্ক করা হয়েছিল। রাস্তাটি ঠিকঠাক করে না দেয়া হলে তিনি বিলে স্বাক্ষর করবেন না বলে জানান।