নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিলে পুলিশের লাঠিচার্জের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জে শহরের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিএনপির নেতারা অভিযোগ করেছেন, পুলিশের লাঠিচার্জে মহানগর বিএনপি ও যুবদলের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপির নেতারা জানান, বুধবার বিকেলে বিএনপির নেতাকর্মীরা কর্মসূচি পালনের জন্য শহরের মণ্ডলপাড়া এলাকায় জড়ো হন। এ সময় পুলিশ এসে তাদের কর্মসূচি পালন করতে নিষেধ করে। পুলিশের বাধায় বিএনপির নেতাকর্মীরা সড়কের মন্ডলপাড়াস্থ ফায়ার সার্ভিসের সামনের ফুটপাথে বসে থাকেন। কিছুক্ষণ পর যুবদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে এলে পুলিশ তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।

মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের কর্মসূচি পালন করতে দেয়নি। অথচ আমাদের সামনে সরকারি দলের নেতাকর্মীরা কর্মসূচি পালন করেছে। তাদের বাধা দেয়নি।’

এতে আহত নেতাকর্মীরা হলেন মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধান, সাবেক দফতর সম্পাদক শওকত খন্দকার, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, আমির হোসেন, বিল্লাল হোসেন, ইব্রাহিম আহমেদ বাবু ও রাসেল।

মহানগর বিএনপির সহ-সভাপতি এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের দাঁড়াতেই দেয়নি। একপর্যায়ে পুলিশ অতর্কিতভাবে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। পুলিশের হামলায় আমাদের প্রায় ১২ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।’

নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, এ বিষয়ে পরে কথা বলবেন।

অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, ‘আমরা তাদের ঘরোয়াভাবে কর্মসূচি পালন করতে বলেছিলাম। কিন্তু তারা আমাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কর্মসূচি পালন করতে চেয়েছিলেন। পরে পুলিশ সদস্যরা তাদের সরিয়ে দেন।