সাতক্ষীরা শহরতলীর বাইপাস সড়কসংলগ্ন জলাশয় থেকে এক চা বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত চা বিক্রেতা ইয়াছিন আলী শহরের সুলতানপুর গ্রামের শাহাবাজের ছেলে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ এ লাশ উদ্ধার করে। সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সাতক্ষীরা সদরের বকচরা গ্রামের নুরুজ্জামান জানান, বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তার মাছের ঘেরের দক্ষিণপাশে বাইপাস সড়কের ওপর তাজা রক্ত ও সেখানে পড়ে থাকা একটি জুতো দেখে পথচারীরা ভিড় জমায়। পরে তারা বাইপাস সড়কের পাশে লাগানো নেপিয়ার ঘাস বনের পার্শ্ববর্তী জলাশয়ে অনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির গলাকাটা পুরুষের লাশ দেখে তাকে খবর দেন। তিনি ঘটনাস্থলে এসে সদর থানায় খবর দিলে পুলিশ সাড়ে ৮টার দিকে ওই লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য স্থান থেকে ধরে এনে বাইপাস সড়কের ওপর জবাই করে হত্যার পর লাশ জলাশয়ে ফেলে দিয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা শহরের সুলতানপুরে এক নারী এসে ওই লাশ তার স্বামী ইয়াছিনের বলে জানায়। পুলিশ ওই নারীকে জিজ্ঞাসাবাদ করছে।