ফরিদপুরের সালথায় সেভেনআপ কোম্পানির নছিমন উল্টে গিয়ে মো: বিপুল মাতুব্বর (৩০) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সালথা-নগরকান্দা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিপুল নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কান্দী গ্রামের মো: কবির মাতুব্বারের ছেলে। তিনি সেভেনআপ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
সালথা থানার এসআই পরিমল কুমার বিশ্বাস জানান, সকালে সালথা বাজারে নছিমনে সেভেনআপ পাইকারি বিক্রয় করতে আসেন বিপুল। সালথা বাজার থেকে বিক্রয় কাজ শেষ করে দুপুরে নগরকান্দা যাওয়ার পথে ভাওয়াল পুর্বপাড়া মোল্যা বাড়ির সামনে সড়কের মোড় ঘুরতে গিয়ে নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নছিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান বিপুল।
তিনি বলেন, বিষয়টি নিয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।



