টাঙ্গাইল শহর বাইপাসের রাবনায় বাসের চাপায় এক উপজেলা নির্বাচন কর্মকর্তার স্ত্রীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।
শুক্রবার বেলা ১১টার দিকে রাবনা ওভার পাসের নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উত্তর বিলডোবা গ্রামের সাইফুল ইসলাম (৬০) ও ঘাটাইল উপজেলার হরিপুর গ্রামের সাখাওয়াৎ হোসেনের স্ত্রী নুসরাত জাহান হিমু (৩০)। হিমুর স্বামী সাখাওয়াৎ কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা। আর সাইফুল ছিলেন গোপালপুরের চরচতিলা মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নবীন জানান, হিমু তার শাশুরিকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ঘাটাইল থেকে ডাক্তার দেখানোর জন্য টাঙ্গাইল যাচ্ছিলেন। একই অটোরিকশায় সাইফুল ইসলামও ছিলেন। তাদের বহনকারী অটোরিকশাটিকে রাবনা বাইপাস এলাকায় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাসচাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাইফুলের মৃত্যু হয়। আহত তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে হিমুর মৃত্যু হয়।



