খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আঞ্চলিক দু’গ্রুপের বন্দুকযুদ্ধে ইউপিডিএফ’র (প্রসীত গ্রুপ) আঞ্চলিক কমান্ডার অংথুই মারমা ওরফে আগুন (৫২) নামের একজন নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ৯টার দিকে গুইমারা উপজেলার দেওয়ান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অংথুই মারমা উপজেলার বুদং পাড়ার কংহ্লাউ মারমার ছেলে।

জানা যায়, অংথুই মারমা দীর্ঘদিন যাবত সংগঠনটির গুইমারা ইউনিনের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন যাবত গুইমারাসহ আশপাশের এলাকায় চাদাবাজি করে আসছিলেন। স্থানীয়দের কাছে ত্রাস হিসেবে পরিচিত ছিলেন তিনি। ঘটনার পর পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে অংথুই মারমার লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে পড়ে থাকা একটি পিস্তলসহ ম্যাগাজিনে পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।