দিনাজপুরের নবাবগঞ্জে নাচের কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর গ্রামের মৃত ছিদ্দিক মিয়ার ছেলে নূর মোহাম্মদ (৩০) এবং একই গ্রামের তাহের আলীর ছেলে করিম মিয়া (৩১)।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হরিনাথপুর গ্রামের হালিম ব্যবসায়ী করিম মিয়া নাচের প্রোগ্রামের কথা বলে গত ২৭ আগস্ট ভুক্তভোগী তরুণীকে নিজ গ্রামে দাওয়াত দিয়ে নিয়ে যান। পরে সেখান থেকে পশ্চিম ফতেপুর আশ্রয়ন প্রকল্পের ঘরে নিয়ে তাকে প্রথমে নুর মোহাম্মদ, পরে করিম মিয়া, এরপর একে একে কয়েকজন মিলে ধর্ষণ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী নিজে ঘটনার পরের দিন থানায় উপস্থিত হয়ে অভিযোগ করেন বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (তদন্ত, ওসি) মমিনুজ্জামান মমিন।

মমিনুজ্জামান মমিন জানান, ভিকটিমের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযোগ করার পর বৃহস্পতিবার অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আরো আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। ভিকটিমকে আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে টেস্ট করার জন্য পাঠানো হয়।