নওগাঁর মান্দায় বজ্রপাতে মোহিনী মোহন প্রামানিক (৭০) নামে গৃহমালিকসহ তিনটি গরুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার প্রসাদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বজ্রপাতের এ ঘটনাটি ঘটে।
মোহিনী মোহন প্রামানিক গোবিন্দপুর গ্রামের রাহুল চন্দ্র প্রামানিকের ছেলে।
নিহতের ছেলে অসিম প্রামানিক জানান, শুক্রবার দুপুরে আকাশ কালো মেঘে ঢেকে যায়। একই সাথে বৃষ্টিও শুরু হয়। বৃষ্টির অবস্থা দেখে বাবা বাড়ির উঠানে থাকা গরুগুলো গোয়ালঘরে তোলার জন্য যান। এ সময় হঠাৎ আকাশে প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এ বজ্রপাত তার উপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার সাথে থাকা তিনটি গরুও মারা যায়।
প্রসাদপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ আবদুল মতিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বজ্রপাতে মোহিনী মোহন প্রামানিকসহ তার তিনটি গরুর করুণ মৃত্যু হয়।



