গাজীপুরে পুলিশের সাথে মাদক কারবারিদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ একজনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। তাদের কাছ থেকে গুলিসহ একটি বিদেশী পিস্তল এবং বেশ কিছু ইয়াবা ট্যাবলেট ও হেরোইন জব্দ করা হয়। অভিযানকালে মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।

শুক্রবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আবু সায়েম নয়ন এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন গাজীপুর মহানগরের সদর থানাধীন উত্তর ছায়াবিথী এলাকার আতর আলীর ছেলে আব্দুল আজিজ (৪৫) এবং একই থানার পশ্চিম জয়দেবপুরের আব্দুর রহমানের ছেলে সোহেল চৌধুরী ওরফে মদন সোহেল (২৭)। এদের মধ্যে আজিজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টির বেশি এবং সোহেলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জিএমপি’র ওই কর্মকর্তা জানান, গাজীপুর মহানগরীর সদর থানাধীন পূর্ব ভুরুলিয়ার শ্মশানঘাট এলাকায় টিনের বাউন্ডারি বেষ্টিত একটি প্লটে বসে অস্ত্রধারী কয়েক মাদক কারবারি বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে মাদক কেনা-বেচা করছে এমন গোপন সংবাদ পেয়ে পুলিশের দু’টি দল সেখানে অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরাও পাল্টা গুলি ছুঁড়ে।

দু’পক্ষের গুলি বিনিময়ের একপর্যায়ে আজিজ বাম পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় অন্য মাদক কারবারিরা পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আজিজ ও তার সহযোগী সোহেলকে পালিয়ে যাওয়ার সময় আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে আজিজের কাছ থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল ও ২৬ গ্রাম হেরোইন এবং সোহেলের কাছ থেকে দেড় শ’ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানকালে মাদক কারবারিদের লোহার পাইপের আঘাতে কনস্টেবল মো: শাহীন আহত হন। আহত শাহীন ও আজিজকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।